Islamic News BD - The Lesson of Peace
তীব্র প্রয়োজনের সময় যে আমল করতে বলেছেন মহানবী (সা.)
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৪ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

আপনার জীবনে যদি কোনো অভাব আসে, কোনো কিছুর তীব্র প্রয়োজন বোধ করেন, তাহলে কী করবেন? সাধ্য অনুযায়ী চেষ্টা তো করতেই হবে। পাশাপাশি কী দোয়া বা আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য ও তওফিক চাইবেন?

রাসুল (সা.) পরামর্শ দিয়েছেন, এ রকম পরিস্থিতিতে অজু করে দুই রাকাত নামাজ আদায় করতে এবং এই দোয়াটি পাঠ করতে:

বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ও আযায়িমা মাগফিরাতিকা ওয়াল-গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস-সালামাতা মিন কুল্লি ইছমিন লা তাদা লি যাম্বান ইল্লা গাফারাতহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাঝতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা ক্বাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন।

বাংলা অর্থ: পরম সহনশীল ও দয়ালু আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। মহান আরশের রব আল্লাহ অতি পবিত্র। সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা। হে আল্লাহ! আমি তোমার কাছে অবধারিত রহমত, তোমার অফুরন্ত ক্ষমা, সকল সদাচারের ভান্ডার এবং প্রতিটি পাপাচার থেকে নিরাপত্তা প্রার্থনা করি। আমি তোমার কাছে আরো প্রার্থনা করি যে, তুমি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, আমার দুশ্চিন্তা দূর করে দাও, তোমার সন্তুষ্টিমূলক প্রতিটি প্রয়োজন পূরণ করে দাও।এই দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে নির্দিষ্ট করে নিজের প্রয়োজনটি তুলে ধরবেন এবং আল্লাহ তাআলার রহমত, সাহায্য ও তওফিক প্রার্থনা করবেন।

আবদুল্লাহ ইবনে আবি আওফা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের বলেছেন, যদি আপনাদের কারো আল্লাহর কাছে বা তার কোনো সৃষ্টির কাছে কোনো কিছুর প্রয়োজন হয়, তিনি যেন ভালো করে অজু করেন, দুই রাকাত নামাজ আদায় করেন, তারপর উপরোক্ত দোয়াটি পড়ে দুনিয়া ও আখিরাতের জন্য যা চাওয়ার আছে তা প্রার্থনা করেন। কারণ তা আল্লাহই নির্ধারণ করেন। (সুনানে তিরমিজি)

কোরআনেও আল্লাহ তাআলা তাঁর কাছে সাহায্য চাইতে বলেছেন ধৈর্য ও নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। (সুরা বাকারা: ১৫৩)

তাই যে কোনো বিপদে পড়লে, অভাবে পড়লে বা কোনো প্রয়োজন দেখা দিলে কোরআন ও হাদিসের পরামর্শ অনুযায়ী নামাজ পড়ে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করুন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করে দেবেন।